মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান হেনিকেনও পণ্যের দাম বাড়িয়েছিল। কিন্তু দাম বাড়ানোর ফলে কোম্পানির পণ্য বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে, যার পরিপ্রেক্ষিতে কোম্পানির মুনাফাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির নিট মুনাফা ৮ দশমিক ৬ শতাংশ কমে ৫৮ কোটি ৯০ লাখ ইউরো বা ৬৪ কোটি ৯০ লাখ ডলারে নেমে এসেছে। মূলত বিয়ারের বিক্রি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কমায় এ প্রভাব পড়েছে। বিশ্বের অন্যতম মদ উৎপাদনকারী কোম্পানিটি জানায়, নিত্যপণ্য ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে বলা হয়েছিল। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক বাজার অস্থিতিশীল। পশ্চিমা বিশ্বে অন্যান্য কোম্পানির মতো হেনিকেনও গত বছর রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার কথা জানিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের একটি গবেষণা ওয়েবসাইটের প্রতিবেদন সূত্রে জানা যায়, কোম্পানিটি এখনো রাশিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। এর পরই শুরু হয় তুমুল সমালোচনা। রাশিয়ায় বিক্রি কমার পাশাপাশি ভিয়েতনাম ও নাইজেরিয়ায়ও কোম্পানিটির পণ্যের চাহিদা কমতে থাকে, যা মুনাফা কমাতেও ভূমিকা রেখেছে। রয়টার্স