মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা ও অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদহার বাড়িয়েছে, যা ২২ বছরে সর্বোচ্চ। ফেডের সুদহার বাড়ানোর প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয়ও। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতারের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের ঋণের সুদহার বাড়িয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার চার দশকের মধ্যে সর্বোচ্চে ওঠার পর তা নিয়ন্ত্রণে ২ শতাংশের নিচে নামিয়ে আনার টার্গেট নেয় সরকার। যার অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ ব্যাংক ২০২২ সালের মার্চ থেকে ১১ বারের মতো সুদহার বাড়িয়েছে, যা ২০০১ সালের পর থেকে সর্বোচ্চ। ফেডারেল রিজার্ভ ব্যাংক ২০২২ সালের মার্চ থেকে বাড়িয়ে চলছে। সর্বশেষ বাড়ার ফলে ফেডারেল তহবিলের হার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। যদিও জুনে প্রত্যাশার চেয়েও মূল্যস্ফীতি বেশি কমেছে। আগের মে মাসেও মূল্যস্ফীতির হার ৪ থেকে ৩ শতাংশে নেমেছে। আর বার্ষিক সিপিআই মূল্যস্ফীতি ২০২১ সালের মার্চের পর থেকে এখন সর্বনিম্নে রয়েছে।

মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের দুশ্চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এবং গত মাসেও মজুরি বৃদ্ধির হার প্রত্যাশার চেয়েও বেশি ছিল। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) বেশির ভাগ কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ফেডারেল ব্যাংকের সুদহারকে অনুসরণ করে। কারণ এসব দেশের মুদ্রা ব্যবস্থা মার্কিন ডলারকে অনুসরণ করে। জিসিসির ছয় সদস্যের অর্থনৈতিক ব্লকের মধ্যে কুয়েতই একমাত্র ব্যতিক্রম, যার দিনার বাস্কেট কারেন্সিকে অনুসরণ করে।

সৌদি সেন্ট্রাল ব্যাংক তার পুনঃক্রয় চুক্তি (রেপো) হার শতকরা এক-চতুর্থাংশ পয়েন্ট বাড়িয়ে ৬ শতাংশে এবং রেপো রেট একই মার্জিন ৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে। দেশের অন্যান্য ব্যাংককে দেয়া ঋণ ও তার বিপরীতে সুদহার রেপো নামে পরিচিত। আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরবে মূল্যস্ফীতি ২০২৩ সালে ২ দশমিক ১ শতাংশে পৌঁছনোর প্রাথমিক পূর্বাভাস দেয়া হয়েছে।

সরকারি তথ্যানুযায়ী, জানুয়ারিতে ৩ দশমিক ৪ শতাংশ হারে শুরু হওয়ার পর থেকে সৌদিতে ভোক্তামূল্য ক্রমাগত কমছে এবং বার্ষিক মূল্যস্ফীতির হার মে মাসের ২ দশমিক ৮ শতাংশ থেকে জুনে ২ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। ইউএই সেন্ট্রাল ব্যাংক রাতারাতি আমানতের সুদহার শতকরা এক-চতুর্থাংশ পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৪ শতাংশ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বলেছে, বেস রেটের ওপরে ৫০বিপিএসের সব স্থায়ী ঋণ সুবিধার মাধ্যমে ইউএই সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রকের কাছ থেকে স্বল্পমেয়াদি তারল্য ধার নেয়ার জন্য প্রযোজ্য হার বজায় রেখেছে।