পরিবেশ আইন ও প্রকৃতি রক্ষায় মানুষের সচেতনতা বাড়াতে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ ওয়ান আর্থ ফেস্টিভ্যাল আয়োজন করেছে। শনিবার (১০ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন হয়। এতে সহ আয়োজক হিসেবে যুক্ত ছিল জেসিআই ঢাকা হেরিটেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শুরুতে স্বাগত বক্তব্য দেন ১ টাকায় বৃক্ষরোপণের সভাপতি শেখ আবদুল্লাহ ইয়াছিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আজিম পাটোয়ারী।

প্যানেল আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মাদ আজমী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার জানান, গাছ লাগানো শুধু পরিবেশের বিষয় নয়। এটি গ্রামীণ সমাজের সামাজিক নিরাপত্তা ও অর্থনীতির সঙ্গেও জড়িত। অনেক নারী ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেই গাছ লাগান। গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, ১ টাকায় বৃক্ষরোপণের উদ্যোগ তরুণদের নেতৃত্বে পরিবেশ আন্দোলনকে আরো শক্ত করতে পারে।

স্বাগত বক্তব্যে শেখ আবদুল্লাহ ইয়াছিন বলেন, অন্তর্বর্তী সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বন আইনে সংস্কার এনেছে। প্রায় ১০০ বছর পুরোনো আইনগুলোতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বন আইনে পুরস্কারের বিধান যুক্ত হলেও পরিবেশ নিয়ে কাজ করা তরুণদের উৎসাহ দিতে আলাদা কোনো আইন নেই। পরিবেশ আদালত থাকলেও তা পুরোপুরি কার্যকর নয় এবং পরিবেশগত বিষয়ে সরাসরি মামলা করার সুযোগও সীমিত।

ওয়ান আর্থ ফেস্টিভ্যালে পরিবেশ আইন নিয়ে আলোচনা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, প্রকৃতি আলোকচিত্র প্রতিযোগিতা, প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আয়োজকেরা জানান, ১ টাকায় বৃক্ষরোপণ সংগঠনটি ২০১৯ সাল থেকে বনায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে কাজ করে আসছে।

—বিজ্ঞপ্তি