মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের আয় কমেছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে কোম্পানিটি যে পরিমাণ আয় করেছে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৯০ শতাংশ কম। আয়ে বিপুল পতনের কারণে চলতি বছর কোম্পানিটি ব্যয় সংকোচনে নামবে বলে জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা।

ফোর্ড গত বছর কর বাদেই ১ হাজার ৪০ কোটি ডলার আয় করেছে। এ সময় লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৫০ কোটি ডলার। চলতি বছর ৯০০ থেকে ১ হাজার ১০০ কোটি ডলার আয়ের প্রত্যাশা করছে কোম্পানিটি। 

ফোর্ডের সিইও জিম ফারলের বলেন, ‘‌গত বছর ফোর্ডের আরো ভালো করা উচিত ছিল। ২ বিলিয়ন ডলারের লাভ খুইয়েছি আমরা, যেটা কিনা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। অবশ্যই আমরা দ্রুত ভুলগুলো শুধরে নেব।’ 

আয় কমে যাওয়ায় ব্যয় সংকোচন পরিকল্পনা হাতে নিয়েছে ফোর্ড। এজন্য পণ্যের উন্নয়ন, প্রস্তুতকরণ ও সরবরাহ চেইন ব্যবস্থাপনায় খরচ আরো কমিয়ে আনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি থেকে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণের দিকে যাত্রাও অব্যাহত থাকবে। 

ফোর্ডের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছর বিক্রি ৫ শতাংশ কমে গেছে। প্রতিষ্ঠানটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জন লওলার বলেন, ‘বিশ্বব্যাপী কম্পিউটার চিপসহ অন্যান্য সরঞ্জামের সংকট গত বছর ফোর্ডকে কঠিন সময়ের দিকে ঠেলে দিয়েছে। আমাদের ২ বিলিয়ন ডলারের আয় কমেছে। এর মধ্যে ১ বিলিয়ন ডলার কমার কারণ উৎপাদন কম হয়েছে, পাশাপাশি বাজারও হারিয়েছি। বাকি ১ বিলিয়ন ডলার অপারেশনাল কস্ট। উৎপাদন সমস্যার ৬০ শতাংশই চিপ সংকটের কারণে।’

এ সমস্যা সমাধানে চিপ সরবরাহকারী ও ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসবে ফোর্ড। প্রয়োজন পড়লে সহজলভ্য চিপ ব্যবহার করতে গাড়ির নকশায়ও পরিবর্তন আনা হবে। 

জন লওলার আরো জানান, চলতি বছর ব্যয় সংকোচনে যাবে ফোর্ড। তবে আয়ের পরিমাণ আরো বাড়াতে হবে। একই সঙ্গে কর্মীদের পেনশন রেট কমনো হবে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্পের বিক্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো, যা ফোর্ডকে আয় বাড়াতে সহায়তা করবে বলে মনে করেন লওলার। বিশেষ করে নতুন মডেলের গাড়ি বিক্রির ক্ষেত্রে আশার আলো দেখছে ফোর্ড।