চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যের খুচরা বিক্রি অপ্রত্যাশিতভাবে বেড়েছে। বিক্রি বাড়লেও দেশটির ভোক্তা ব্যয় নিম্নমুখী ছিল। ব্রিটিশদের জীবনযাত্রার ব্যয় বাড়ায় তা ভোক্তা ব্যয়ে প্রভাব ফেলেছে। খবর রয়টার্স।
গত মাসে যুক্তরাজ্যের খুচরা বিক্রি আগের মাসের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অথচ রয়টার্সের এক সমীক্ষায় অর্থনীতিবদদের পূর্বাভাস অনুসারে বিক্রি দশমিক ২ শতাংশ কমার আশঙ্কা ছিল। মার্চে দেশটির খুচরা বিক্রি ১ দশমিক ২ শতাংশ নিম্নমুখী ছিল।
এদিকে খুচরা বিক্রি বাড়লেও সার্বিক চিত্রটি ছিল দুর্বল। যুক্তরাজ্যে গত তিন মাসের খুচরা বিক্রি দশমিক ৩ শতাংশ কমেছে। মার্চে এ হার ছিল দশমিক ৭ শতাংশ। গত মাসে যুক্তরাজ্যের পরিবারপ্রতি জ্বালানির ব্যয় বেড়েছে। একই সঙ্গে করের পরিমাণও ছিল ঊর্ধ্বমুখী। ফলে তা ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলেছে। দেশটিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ শতাংশ, যা গত ৪০ বছরের সর্বোচ্চ।










