অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন,জুয়েলারি
শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর ধানন্ডিতে নিজ বাস ভবনে বাজুস প্রতিনিধি দলের
সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এ সব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, স্বর্ণের অলংকার রফতানির
নতুন দিগন্ত উন্মোচনে সরকার সকল প্রকার নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে।
এছাড়া জুয়েলারি শিল্পের যে সকল সমস্যা ও সম্ভাবনা আছে তা গুরুত্বসহ বিবেচনা করবে অর্থ
মন্ত্রণালয়।
এ সময়ে বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন
সংগঠনের মুখপাত্র ও সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়, সহ-সভাপতি-গুলজার আহমেদ, রিপনুল
হাসান, মাসুদুর রহমান, সমিত ঘোষ, উপদেষ্টা রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক তাজুল ইসলাম,
উত্তম ঘোষ, মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার
হোসেন, পবিত্র চন্দ্র ঘোষ, আলী হোসেন প্রমুখ।
বৈঠকে বাজুস নেতারা বলেন- আমাদের দেশে জুয়েলারি
খাতে উচ্চ হারে ভ্যাট আরোপিত হওয়ার ফলে ক্রেতা সাধারণ ভ্যাট প্রদানে অনীহা প্রকাশ করছে।
ক্রেতা সাধারণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে
ভ্যাট হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার। দেশে জুয়েলারি শিল্প কারখানা
স্থাপনে উৎসাহিত করার জন্য আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সকল প্রকার শুল্ক
কর অব্যাহতি প্রদানসহ ১০ বছরের ট্যাক্স হলিডে প্রদান এবং স্বর্ণ পরিশোধনাগার শিল্পে
১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা প্রদানের দাবি উত্থাপন করেন বাজুস নেতারা।










