বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার ২০২৩ সালের প্রথমার্ধে গাড়ি বিক্রি ৫ শতাংশ বেড়েছে। চলতি বছরে প্রায় ৫ হাজার ৪৭৬টি বিএমডব্লিউ গাড়ি এবং ৩৯১টি মিনি ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এপ্রিল ও মে মাসে সরবরাহের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাজারে বিলাসবহুল গাড়ির চাহিদা বেশি ছিল। বিএমডব্লিউ মোটরসাইকেলের বিক্রি ৫০ শতাংশ বেড়েছে, বিক্রি হয়েছে ৪ হাজার ৬৬৭টি ইউনিট। কোম্পানির বিএমডব্লিউ আইএক্স, বিএমডব্লিউ আইফোর ও মিনি এসইর মতো জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে বিদ্যুচ্চালিত বিলাসবহুল গাড়ির বিভাগেও আধিপত্য বজায় রেখেছে। গত বছরের একই সময়ের তুলনায় ১১ গুণ বেশি বিদ্যুচ্চালিত গাড়ি সরবরাহ করেছে। বিএমডব্লিউ আইএক্স ভারতীয় বিলাসবহুল বাজারে সর্বাধিক বিক্রীত ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি। কোম্পানিটি ২০২৩ সালে মোট ১৯টি নতুন গাড়ি এবং তিনটি মোটরসাইকেল চালুর পরিকল্পনা করেছে, যার মধ্যে ১২টি গাড়ি বাজারে এসেছে। বিএমডব্লিউ ২০২৪ সালের মধ্যে ডিলারশিপের সংখ্যা ৮০ থেকে বাড়িয়ে ১০০ করার লক্ষ্যে কাজ করছে।