গেমিং শিল্পকে নিয়ন্ত্রণ করতে ফেডারেল সংস্থা প্রতিষ্ঠা করেছে সংযুক্ত আরব আমিরাত। গৃহীত সিদ্ধান্তটির মাধ্যমে উপসাগরীয় দেশটিতে ক্যাসিনো বৈধ করার পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, একটি জাতীয় লটারি ও বাণিজ্যিক গেমিংয়ের জন্য গঠিত কর্তৃপক্ষ বিশ্বের নেতৃস্থানীয় নিয়ন্ত্রক কাঠামো হিসেবে কাজ করবে। দেশটিতে ‘ওয়েন রিসোর্টস’ কর্তৃক ৩৯০ কোটি ডলারের গেমিং রিসোর্ট চালুর এক মাস পর পদক্ষেপটি নেয়া হলো। কর্তৃপক্ষের দাবি, শিগগিরই তারা লাইসেন্স পাবেন। আরব আমিরাতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এর আগে ব্লুমবার্গকে জানিয়েছিলেন, জুয়া খেলা অনুমোদনের আসন্ন কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ক্যাসিনো অপারেটর, পরামর্শদাতা ও বিষয়টির সঙ্গে পরিচিত আইনজীবীরা জানান, প্রাথমিক আলোচনা হয়েছে এবং একটি পরিবর্তনের কথা বিবেচনা করা হচ্ছে। জুয়া খেলা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। ফলে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে এটি অবৈধ বলে আইন রয়েছে। একই সঙ্গে জুয়ার সঙ্গে জড়িতদের আর্থিক জরিমানা বা দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধানও রয়েছে। তবে সামনের দিনে জুয়া অনুমোদন দেয়া হলে দেশটিতে ইসলামী বা শরীয়াহ আইন পরিবর্তনে বড় পদক্ষেপ হতে পারে এটি। ফ্রি মালয়েশিয়া টুডে
ক্যাসিনো অনুমোদন দিতে যাচ্ছে আরব আমিরাত!
গেমিং শিল্পকে নিয়ন্ত্রণ করতে ফেডারেল সংস্থা প্রতিষ্ঠা করেছে সংযুক্ত আরব আমিরাত।










