পোল্যান্ডের তিন শহর যুক্ত হচ্ছে ফ্লাই দুবাই পরিষেবার সঙ্গে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত উড়োজাহাজ চলাচল করবে পোজনান, ওয়ারশ ও ক্রাকো। সম্প্রতি এমনটাই ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
ঘোষণা বাস্তবায়ন হলে পোল্যান্ডের পোজনানে এটাই হবে সংযুক্ত আরব আমিরাতের প্রথম যাত্রীবাহী পরিষেবা। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে তিনবার উড়োজাহাজ ত্যাগ করবে পোজনানের উদ্দেশে।
চলতি বছরের ২৯ অক্টোবর থেকে প্রতি বুধ, শুক্র ও শনিবার ২ নম্বর টার্মিনালে শুরু হবে যাত্রা। ক্রমে গন্তব্যের আওতায় আনা হবে পোল্যান্ডের দুটি শহরকে। এয়ারলাইনস এর মধ্যেই ওয়ারশতে দৈনিক একটি ও ক্রাকোতে সপ্তাহে পাঁচটি পরিষেবা প্রদান করে, ২৬ জুন থেকে যা দৈনিক ফ্লাইটে রূপান্তরিত হবে।
ফ্লাই দুবাইয়ের প্রধান নির্বাহী গাইথ আল গাইথের দাবি, সংযুক্ত আরব আমিরাত ও পোল্যান্ডের মধ্যে ফ্লাইটের চাহিদা ক্রমেই বেড়ে চলছে। বিশেষ করে ২০১৮ সালে ক্রাকোতে ফ্লাইট চালু করা হলে চাহিদাসূচক বৃদ্ধি পায়। পোল্যান্ডের তিনটি বড় শহরকে নেটওয়ার্কের আওতায় আনতে পেরে আমরা আনন্দিত। নাগরিকরা এখন আরো সহজে পোল্যান্ড সফরের সুযোগ পাবেন। বাড়বে বাণিজ্য ও পর্যটন বিকাশের সুযোগ। ফ্লাই দুবাই দুই দেশের ভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগ করিয়ে দেয়ার জন্য বদ্ধপরিকর।
পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত এর মধ্যেই শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কে আবদ্ধ। বিশেষ করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি, কৃষি, পরিবহন ও পর্যটন খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ অবস্থান ইতিবাচক। নতুন রুটের ঘোষণায় তাকে আরো উচ্চতায় আসীন করবে বলে আশাবাদী দুই দেশ। পোজনান পোল্যান্ডের সবচেয়ে প্রাচীন শহর। সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের মাধ্যমে রেনেসাঁ যুগ থেকেই সুপরিচিত। বর্তমানে শহরটি অন্যতম অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভ্রমণ গন্তব্য। সেখানকার বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা দাবি করেছেন, ‘আকাশপথে নতুন যাত্রাপথের সূচনা পোজনানের নাগরিকদের জন্য ভ্রমণে নতুন সুযোগ তৈরি করবে।’










