পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটি হলো টেকনো ড্রাগ লিমিটেড ও ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

টেকনো ড্রাগস: কোম্পানিটিকে বিদ্যমান ‘‌জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সব বিনিয়োগকারীর জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করার কারণে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে টেকনো ড্রাগসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) টেকনো ড্রাগসের ইপিএস হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

ভিএফএস ডায়িং: কোম্পানিটিকে বিদ্যমান ‘‌জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সব বিনিয়োগকারীর জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ভিএফএস ডায়িংয়ের ইপিএস হয়েছে ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩৪ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ভিএফএস ডায়িংয়ের ইপিএস হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ভিএফএস ডায়িংয়ের ইপিএস হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ২৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ভিএফএস ডায়িংয়ের ইপিএস হয়েছে ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৬ পয়সা।