নিউজিল্যান্ডে বাড়ির দাম নিম্নমুখী হয়েছে। অক্টোবরে দেশটিতে বাড়ির দাম এক বছর আগের তুলনায় দশমিক ৬ শতাংশ কমেছে। এ নিয়ে গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে বছরওয়ারি হিসাবে বাড়ির দাম কমে গিয়েছে। ঋণের সুদহার বেড়ে যাওয়ায় বাড়ির চাহিদার সঙ্গে দামেও পতন দেখা দিয়েছে। খবর রয়টার্স।

আবাসন খাতের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কোরলজিক নিউজিল্যান্ড জানিয়েছে, গত মাসে বাড়ির দাম ২০১১ সালের জুনের পর প্রথমবারের মতো কমেছে। তবে মাসভিত্তিক হিসাবে বাড়ির দাম অক্টোবরে ১ দশমিক ৩ শতাংশ কমেছে। মাসভিত্তিক হিসাবে এ নিয়ে টানা সপ্তম মাসের মতো বাড়ির দাম নিম্নমুখী রয়েছে।

এদিকে রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড বেঞ্চমার্ক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে। কিছু অর্থনীতিবিদ পূর্বাভাস দিয়েছেন যে বেঞ্চমার্ক সুদের হার আগামী বছর ৫ শতাংশ বা তার বেশি হতে পারে। সুদের হার বাড়ার কারণে ব্যাংকগুলোও বন্ধকি ঋণের সুদহার বাড়াচ্ছে। সুদহার সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কোরলজিক।