ব্যাংকের করপোরেট হেডকোয়ার্টার্সে গতকাল এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহিত রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকরা ওয়ান ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ ‘ওয়ান অ্যাপ’ ব্যবহার করে সরাসরি তাদের ব্যাংক হিসাব থেকে ‘নগদ’ ওয়ালেটে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। চুক্তির আওতায় গ্রাহকরা একটি নিরাপদ, সহজ ও নিরবচ্ছিন্ন অ্যাকাউন্ট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের ফলে গ্রাহকরা আরো সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন।’ দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
ওয়ান ব্যাংকের এমডি মুহিত রহমান বলেন, ‘নগদের সঙ্গে এ অংশীদারত্ব দেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরো সমৃদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা গ্রাহকদের তাৎক্ষণিকভাবে, নিরাপদে এবং নির্বিঘ্নে ফান্ড ট্রান্সফার সুবিধা দেবে।’ পাশাপাশি এটি দেশে ক্যাশলেস ইকোনমি উৎসাহিত করতে এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকের দূরদর্শী লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নগদের পক্ষে আরো উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু। এছাড়া ওয়ান ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাব্বির আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম ও ইফতেখার আহমেদ জাফর।










