সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারপার্সন পদে মো. মোতালেব হোসেন আর ভাইস-চেয়ারপার্সন পদে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম নিরু। গতকাল সোমবার (১৩ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪৯তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ দুই ব্যবসায়ী নেতাকে নতুন নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়।

নবনির্বাচিত চেয়ারপার্সন মো. মোতালেব হোসেন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর পরিচালক। তিনি এর আগে কোম্পানির ভাইস-চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এসবিআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্বে আছেন।

ব্যবসায়িক অঙ্গনে মোতালেব হোসেন একজন সুপরিচিত উদ্যোক্তা। তিনি দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী হামিম গ্রুপের চেয়ারম্যান ও এম এইচ জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি দেশের একজন সিআইপি (কর্মাশিয়াল ইম্পর্ট্যান্ট পারসন) হিসেবে স্বীকৃত। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত আছেন।

অন্যদিকে নবনির্বাচিত ভাইস-চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু ব্যবসায়িক মহলে সমানভাবে পরিচিত ও একজন উদ্যোক্তা। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)-এর পরিচালক এবং ইকো এগ্রো ফার্মের স্বত্বাধিকারী। এছাড়া তিনি বিসিআই-এর জেনারেল বডি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শহিদুল ইসলাম নিরু দীর্ঘদিন ধরে কৃষি ও শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত।

-বিজ্ঞপ্তি