পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল)। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের সেপ্টেম্বর শেষে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ১৯ কোটি ৩ লাখ টাকা বেড়েছে। এ সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৫ কোটি ১২ লাখ টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৫১৬ কোটি ৯ লাখ টাকা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পপুলার লাইফের ইপিএস হয়েছে ৩ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৮ পয়সায়।










