বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি পোশাক শিল্পে সহযোগিতার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল ঢাকায় এনবিআরের সদস্য (কর) মো. নাজমুল করিমের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ আহ্বান জানান।

বৈঠকে এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং বিজিএমইএর সাবেক পরিচালক মুনির হোসেনও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের পোশাক রফতানির ওপর বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির উল্লেখযোগ্য প্রভাব এবং পোশাক খাতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করে শিল্প পরিচালনা করার সম্ভাব্য কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়। 

বৈঠকে দেশের পোশাক রফতানিকারকরা শুল্ক, ভ্যাট ও আয়কর সংক্রান্ত যেসব সমস্যা মোকাবেলা করছেন, যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতিসহ চলমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে পোশাকের ওপর ভোক্তারা ব্যয় হ্রাস করেছেন। ফলে পোশাকের অর্ডার কমেছে এবং রফতানি হ্রাস পেয়েছে। ফ্যাশন শিল্পে পণ্য সরবরাহের জন্য সম্ভাব্য স্বল্পতম লিডটাইমের চাহিদা বেড়েছে।’ 

এ রকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিশ্ববাজারে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জাতীয় রাজস্ব বোর্ডের দ্রুত ও ঝামেলামুক্ত পরিষেবাগুলোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ‘জাহাজীকরণে বিলম্ব হলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে, যা শেষ পর্যন্ত শিল্পের প্রতিযোগী সক্ষমতাকে প্রভাবিত করবে।’ 

তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা এবং অব্যাহত প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।’