টানা দুদিন দাম বাড়ার পর সোমবার অপরিবর্তিত ছিল জাপানি রাবারের দাম। ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজারের মধ্যে ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম টনপ্রতি ২৩৪ দশমিক ৬ ইয়েনে অপরিবর্তিত ছিল। খবর বিজনেস রেকর্ডার।

অন্যদিকে, সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে ৪৫ ইউয়ান বা দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৫ ইউয়ান।

সিন্থেটিক রাবার তৈরিতে অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে প্রাকৃতিক রাবারের বাজারও ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। এদিকে রাশিয়া সাময়িকভাবে জ্বালানি তেল রফতানি বন্ধ করায় এবং অন্যান্য তেল মজুদকারী দেশগুলো সরবরাহ কমিয়ে দেয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। চাহিদার বিপরীতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েই চলেছে জ্বালানিটির।

মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়িয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভসহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ব্যাংকগুলো সোমবার উচ্চ সুদহার অপরিবর্তিত রাখার কথা জানায়। এ খবরে ডলার আরো শক্তিশালী হয়েছে। এতে ডলারের বিপরীতে রাবারের দাম আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।