অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আলজেরিয়ার কৃষি খাত। পানি সংকটের কারণে দেশটির খাদ্যশস্য উৎপাদনে ধস নামার আশঙ্কা করছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। উৎপাদন ঘাটতি দেখা দিলে দেশীয় সরবরাহ সচল রাখতে গম ও যব আমদানি বাড়াতে পারে আলজেরিয়া। ইউএসডিএর ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে এমন ইংঙ্গিত দেয়া হয়। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।
চলতি ২০২১-২২ বিপণন মৌসুমের এখন পর্যন্ত দেশটির আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের নিচে অবস্থান করছে। ফলে রুক্ষ হয়ে উঠছে আবাদি জমির মাটি। এমন প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকলে আলজেরিয়ার খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমতে পারে। এর ফলে আমদানি বেড়ে ৭৬ লাখ ৫০ হাজার টনে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। বর্তমানে দেশটির সরকার কৃষি খাতের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গমের বীজ ও তেলবীজের উচ্চফলন সক্ষমতা বাড়াতে স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।
ইউএসডিএ জানায়, ২০২১-২২ বিপণন মৌসুমে আলজেরিয়ায় ৩৬ লাখ টন গম উৎপাদন হতে পারে। একই সময়ে দেশটিতে গমের ব্যবহার দাঁড়াবে ১ কোটি ১১ লাখ টনে।










