ফের লোকসানের মুখ দেখেছে ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে। তৃতীয় প্রান্তিকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর নিয়ন্ত্রনাধীন কোম্পানিটি ২৭০ কোটি ডলার লোকসান গুনেছে। এর আগে দ্বিতীয় প্রান্তিকে ৪ হাজার ৪০০ কোটি ডলার লোকসান গুনেছিল কোম্পানিটি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে বার্কশায়ার হ্যাথাওয়ে জানায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তাদের মোট আয় ৯ শতাংশ বেড়ে ৭ হাজার ৬৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিটির লোকসান হয়েছে ২৭০ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে যেখানে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১ হাজার ৩০ কোটি ডলার। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৪ হাজার ৪০০ কোটি ডলার লোকসান গুনেছে ইনভেস্টমেন্ট কোম্পানিটি।
বার্কশায়ারের ইনভেস্টমেন্ট পোর্টফলিওতে রয়েছে অ্যাপল, আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অব আমেরিকা ও কোকা-কোলা। এছাড়া নেব্রাস্কার ওমাহাভিত্তিক কোম্পানিটির বিনিয়োগ রয়েছে এভিয়েশন যন্ত্রাংশনির্মাতা কোম্পানি প্রিসিজন কাস্টপার্টস, রাসায়নিক উৎপাদক কোম্পানি লুব্রিজল, রিটেইল প্রতিষ্ঠান সিজ ক্যান্ডি, ডেইরি কুইন ও হেলজবার্গ ডায়ামন্ডসের মতো কোম্পানিতে।










