বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশ ব্রাজিল। দেশটির সয়াবিন রফতানি বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। ২০২১-২২ বিপণন মৌসুমে রফতানির পরিমাণ গত মৌসুমকে ছাড়িয়ে যেতে পারে। এ সময় ব্রাজিল বিশ্ববাজারে ১০ কোটি টন সয়াবিন সরবরাহের রেকর্ড গড়তে সক্ষম হবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
ইউএসডিএর পূর্বাভাস বলছে, ২০২১-২২ বিপণন মৌসুমে ব্রাজিল ৯ কোটি ৪০ লাখ টন সয়াবিন রফতানি করবে। বিশ্ববাজারে সয়াবিনের চাহিদা ঊর্ধ্বমুখী। এ কারণে ব্রাজিল কৃষিপণ্যটির উৎপাদন বাড়িয়েছে। দেশীয় বাজারে সরবরাহ স্বাভাবিকও রয়েছে। ফলে দেশটি রফতানি বাড়াতে মনোযোগ দিয়েছে। এক্ষেত্রে ব্রাজিলের মুদ্রার বিনিময় মূল্য রফতানি বাড়াতে সহায়তা করবে বলে জানায় ইউএসডিএ।
ব্রাজিল চলতি বছর সয়াবিন আবাদের পরিমাণ বাড়িয়েছে। পাশাপাশি জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত জাতের উচ্চফলনশীল সয়াবিন বীজের ব্যবহার বাড়াচ্ছে দেশটি। ২০২১-২২ মৌসুমে ব্রাজিলের সয়াবিন উৎপাদন বেড়ে ১৪ কোটি ৩৫ লাখ টনে উন্নীত হতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ।
অন্যদিকে ব্রাজিলে সয়াবিন তেল ও সয়ামিলের চাহিদা আকাশছোঁয়া। এ কারণে দেশটি সয়াবিন প্রক্রিয়াজাতও বাড়াচ্ছে। ২০২১-২২ মৌসুমে ব্রাজিলের সয়াবিন প্রক্রিয়াজাত ২ শতাংশ বেড়ে ৪ কোটি ৭৭ লাখ টনে উন্নীত হবে।










