অ্যারাবিকা কফির দাম চার বছরের শীর্ষে উঠে এসেছে। পানীয় পণ্যটির বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ ব্রাজিল। দেশটির কফি সরবরাহ সংকুচিত হয়ে আসার উদ্বেগের মধ্যেই বুধবার মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। এদিকে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য কিছুটা কমে গেছে। খবর বিজনেস রেকর্ডার। অ্যারাবিকা কফি জুনে সরবরাহ চুক্তিমূল্য দিনের শুরুতে পাউন্ডপ্রতি ১ ডলার ৫৬ সেন্টে উঠে আসে, যা চার বছরের রেকর্ড সর্বোচ্চ। দিনশেষে পণ্যটির দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ ডলার ৫৩ সেন্টে দাঁড়িয়েছে।
ব্রাজিলীয় কফি ব্যবসায়ী কমেক্সিম বলেন, আগামী সাতদিন ব্রাজিলে কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। বিশেষ করে ব্রাজিলে কফি উৎপাদনের জন্য প্রসিদ্ধ এলাকাগুলোতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এতে উৎপাদন ব্যাহত করতে পারে। ফলে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়বে। এটি কফির বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে কফির দাম বাড়লেও কমে গেছে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য। পণ্যটি জুলাইয়ে সরবরাহ চুক্তিমূল্য ১ দশমিক ৫ শতাংশ কমে ১৬ দশমিক ৫৪ সেন্টে নেমে গেছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে অপরিশোধিত চিনির সরবরাহ ভালো থাকায় দাম কিছুটা কমেছে।










