টানা দুই বছরের চাঙ্গা ভাবের পর ২০১৯ সালে মন্দার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অলিভ অয়েল উৎপাদন। এ সময় ইইউভুক্ত দেশগুলোয় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ কমেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

অলিভ অয়েল উৎপাদনকারীদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান শীর্ষে। ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এসব দেশে সব মিলিয়ে ২২ লাখ ২০ হাজার টন অলিভ অয়েল উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৫৯ শতাংশ বেশি। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় পরের বছর ইইউভুক্ত দেশগুলোয় পণ্যটির উৎপাদন ৮ দশমিক ১১ শতাংশ বেড়ে ২৪ লাখ টনে উন্নীত হয়।

তবে টানা দুই বছরের এ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ছেদ পড়েছে ২০১৯ সালে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর ইইউভুক্ত এসব দেশে সব মিলিয়ে ২১ লাখ টন অলিভ অয়েল উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ৫০ শতাংশ কম। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইইউভুক্ত দেশগুলোয় অলিভ অয়েলের সম্মিলিত উৎপাদন কমেছে তিন লাখ টন। মূলত প্রতিকূল আবহাওয়ার কারণে এ সময় ইউরোপের দেশগুলোয় জলপাই ও অলিভ অয়েল—দুটোর উৎপাদন কমেছে।