আন্তর্জাতিক বাজারে কয়লার দাম আকাশচুম্বী। এ কারণে বেশি দামেই জ্বালানি পণ্যটি কিনে চাহিদা মেটাতে হচ্ছে ভারতকে। অতিরিক্ত ব্যয়ের কারণে বিঘ্ন ঘটছে সরবরাহে। ব্যয় সংকুলান করতে না পেরে আমদানি কমিয়ে দিচ্ছে দেশটির আমদানিকারকরা। পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া লিমিটেড উত্তোলন বাড়ানোয় জোর দিচ্ছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, চলতি অর্থবছর ভারতের কয়লা (ধাতব ও তাপীয়) আমদানি প্রায় ৩ কোটি ৫০ থেকে ৪ কোটি টন কমতে পারে। বছর শেষে আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ১৮-১৯ কোটি টনে। গত অর্থবছর দেশটি ২১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছিল। প্রসঙ্গত, গত অর্থবছর ভারতের কয়লা আমদানি এর আগের অর্থবছরের তুলনায় ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টন কমে গিয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে ভারত সবচেয়ে বেশি ব্যবহার করে কয়লা। অন্যদিকে ইস্পাত উৎপাদনের জরুরি জ্বালানিটি। এসব খাতে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন বাড়ানো হচ্ছে। কোল ইন্ডিয়ার উচ্চ উত্তোলন সক্ষমতা দীর্ঘমেয়াদে দেশটির কয়লা আমদানি কমিয়ে আনতে সহায়তা করবে।
এদিকে কয়লা আমদানি কমলে ক্ষতির পাশাপাশি লাভও রয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের এপ্রিল-নভেম্বর পর্যন্ত ভারত ১৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার টন কয়লা আমদানি করে। এর আগের বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টন। সে হিসাবে আমদানি কমেছে ১১ শতাংশ। আমদানি কমায় এ সময় দেশটির বৈদেশিক মুদ্রার মজুদে হাত দিতে হয়নি।
কয়লাবিষয়ক মন্ত্রণালয় জানায়, অর্থবছরের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ছিল আকাশছোঁয়া। ফলে আমদানি বাড়লে বৈদেশিক মুদ্রার মজুদে টান পড়ার আশঙ্কা ছিল।
মন্ত্রণালয় আরো জানায়, এপ্রিল-নভেম্বর পর্যন্ত ভারতের বিদ্যুৎকেন্দ্রগুলোয় ব্লেন্ডিংয়ের উদ্দেশ্যে কয়লা আমদানি ২২ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ ৭৩ লাখ ৬১ হাজার থেকে কমে ৫৭ লাখ ৩৩ হাজার টনে নেমেছে।
অন্যদিকে, ডিসেম্বর পর্যন্ত ধাতব কয়লা আমদানিও ছিল নিম্নমুখী। এ সময় ৮ কোটি ৫০ লাখ ৬২ হাজার টন আমদানি করা হয়। আগের অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টন। নিম্নমানের কয়লা আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ৯৩ হাজার টনে। সিআইএল বলছে, মূল্যবৃদ্ধির কারণে কয়লা আমদানি নয় বছরের সর্বনিম্নে নেমেছে।
২০২৩-২৪ অর্থবছরের মধ্যে ১২০ কোটি টন কয়লা উত্তোলনের পরিকল্পনা করেছে দেশটি। বর্তমানে ভারত যে পরিমাণ কয়লা উত্তোলন করে, এটি তার চেয়ে ৭৫ শতাংশ বেশি। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতের কয়লাবিষয়ক মন্ত্রণালয়।
এ লক্ষ্যমাত্রা অর্জনে ভারত সরকার এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অন্যতম বাণিজ্যিক নিলাম। রেভিনিউ শেয়ার মেকানিজমের মাধ্যমে এ নিলাম অনুষ্ঠিত হবে। এছাড়া উত্তোলন বাড়াতে ও নিলাম চালু রাখতে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা হয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকার স্থানীয় কয়লা উত্তোলন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন প্রকল্পের অনুমোদন দিচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যেসব পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে, সেগুলো সম্প্রসারণও করা হচ্ছে।










