চলতি বিপণন মৌসুমে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এ মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে খাদ্যশস্যের বাম্পার ফলন হওয়ায় দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থেকে ব্যাপক খাদ্যশস্য রফতানি করতে সক্ষম হবে ইউক্রেন।
কৃষিপণ্য-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ইউক্রেনে খাদ্যশস্যের ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে।
আগামী বছরের জুনে এ মৌসুম শেষ হবে।
এ সময় দেশটি সব মিলিয়ে ৫ কোটি ৭০ লাখ টন খাদ্যশস্য বিশ্ববাজারে সরবরাহ করতে সক্ষম হবে বলে জানায় এপিকে ইনফর্ম।
২০২০-২১ মৌসুমে রফতানি করা হয়েছিল ৪ কোটি ৫৫ লাখ টন।
সে হিসাবে রফতানি বাড়বে ১ কোটি ১৫ লাখ টন।
প্রধান খাদ্যশস্যের মধ্যে ২ কোটি ১১ লাখ টন গম, ৪৪ লাখ টন যব ও ৩ কোটি ১০ লাখ টন ভুট্টা রফতানি করা হতে পারে।
ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় গত সপ্তাহে জানায়, মৌসুমের শুরু থেকে ওই সময় পর্যন্ত ইউক্রেন ৪৬ লাখ ১০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে।
গত মৌসুমের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ১০ শতাংশ।
চলতি বছর ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদন ৭ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টনে পৌঁছতে পারে।
এর মধ্যে ২ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টন গম, ৩ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টন ভুট্টা ও ৮৩ লাখ ৪০ হাজার টন যব উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানায় এপিকে-ইনফর্ম।










