যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসোলিনের চাহিদা বেড়ে দুই বছরের শীর্ষে উঠে এসেছে। চাহিদায় সাড়া দিতে গিয়ে পণ্য দুটির মজুদ বড় পরিসরে কমেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৬৯ লাখ ব্যারেল করে কমেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ব্যারেল, যা গত বছরের ফেব্রুয়ারির পর রেকর্ড সর্বনিম্ন। রয়টার্সের দেয়া পূর্বাভাসের তুলনায় অতিরিক্ত ৪০ লাখ ব্যারেল মজুদ হ্রাস পেয়েছে বলে জানায় ইআইএ।

রয়টার্স জানায়, বেশ কয়েক সপ্তাহ ধরেই অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমছে। পরিশোধকরা গ্যাসোলিন ও ডিজেলসহ অন্যান্য জ্বালানি পণ্য উৎপাদনে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার বৃদ্ধি করায় মজুদ ক্রমে হ্রাস পাচ্ছে।

অন্যদিকে দেশটিতে গ্যাসোলিনের চাহিদা সর্বশেষ সপ্তাহে রেকর্ড সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সরবরাহ ত্বরান্বিত করা হয়েছে। গত চার সপ্তাহে গড়ে দৈনিক ৯৫ লাখ ব্যারেল করে গ্যাসোলিন সরবরাহ করা হয়েছে, যা ২০১৯ সালের অক্টোবরের পর রেকর্ড সর্বোচ্চ।