আবহাওয়া অনুকূলে থাকায় ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটির খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৭ কোটি ৫৮ লাখ টনে উন্নীত হবে। খবর রয়টার্স ও নাসডাক।

বিশ্বের খাদ্যশস্য উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম ইউক্রেন। গত বছর দেশটিতে ৬ কোটি ৫০ লাখ টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল। করোনা মহামারীর প্রভাব কমার পাশাপাশি দেশটির আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর উৎপাদন গত বছরের তুলনায় ১ কোটি ৮ লাখ টন বাড়তে পারে। ২৫ জুন পর্যন্ত দেশটি ১ কোটি ৬৪ লাখ টন গম রফতানি করেছে। এ সময় ভুট্টা রফতানি করা হয়েছে ২ কোটি ২৬ লাখ টন।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর সব মিলিয়ে ৩ কোটি ৭১ লাখ টন ভুট্টা উৎপাদিত হবে। উৎপাদিত গমের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৮৫ লাখ টনে। এছাড়া দেশটিতে যব উৎপাদিত হবে ৮৩ লাখ টন।

তবে মার্কিন কৃষি বিভাগের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটি ২ কোটি ৯৫ লাখ টন গম উৎপাদন করবে। এর মধ্যে চলতি বিপণন মৌসুমে রফতানি করবে ২ কোটি ৫ লাখ টন গম। অন্যদিকে ভুট্টা উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৭৩ লাখ টন। এর মধ্যে রফতানি করা হবে ৩ কোটি ৫ লাখ টন। গত বছর ইউক্রেন ২ কোটি ৪৯ টন গম ও ৩ কোটি ৩ লাখ টন ভুট্টা উৎপাদন করেছিল।