বিশ্বের সবচেয়ে বড় প্যালাডিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান রাশিয়ার নরনিকেল। প্রতিষ্ঠানটির একটি খনি চলতি বছরের শুরুর দিকে বন্যায় প্লাবিত হয়। অন্যটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়। এতে খনি দুটির উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে চলতি বছর প্যালাডিয়ামের সরবরাহ ঘাটতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্স ও মাইনিংডটকম।
নরনিকেলের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক প্যালাডিয়ামের সরবরাহ ঘাটতি বেড়ে ৯ লাখ ট্রয় আউন্সে (৩১.১০৩ গ্রাম) পৌঁছবে। গত বছর ঘাটতির পরিমাণ ছিল ৩ লাখ আউন্স। যদিও এর আগে প্রতিষ্ঠানটি ২ লাখ আউন্স ঘাটতির প্রাক্কলন করেছিল।
নরনিকেল এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি গত বছরের মজুদকৃত উদ্বৃত্ত থেকে চলতি বছর প্যালাডিয়াম সরবরাহ করবে। এর মাধ্যমে ঘাটতি কিছুটা পুষিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিবৃতিতে আরো বলা হয়, যদি প্রয়োজন হয় তবে বৈশ্বিক প্যালাডিয়াম তহবিল থেকেও প্রতিষ্ঠানটি মূল্যবান এ ধাতুর সরবরাহ বজায় রাখবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে নরনিকেলের একটি ভূগর্ভস্থ প্যালাডিয়াম খনি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় খনিটির উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এরই মধ্যে খনিটির উত্তোলন পরিপূর্ণভাবে শুরু হয়েছে। অন্যদিকে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির ভূগর্ভস্থ আরেকটি খনির একটি প্লান্টের অংশবিশেষ সংস্কারের সময় ধসে পড়ে। এতে ওই খনির কার্যক্রমও বন্ধ হয়ে যায়। আগামী মাসে খনিটির উত্তোলনকাজ আবারো শুরু হবে। অক্টোবর নাগাদ পূর্ণ সক্ষমতায় উত্তোলন চালু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায়, দুটি বড় দুর্ঘটনার ক্ষতি সত্ত্বেও চলতি বছর গ্রাহকদের সঙ্গে করা চুক্তি বাস্তবায়নে কাজ করবে নরনিকেল। ফলে এ বছর উৎপাদন হ্রাস পাবে। নতুন প্রাক্কলন অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটির উদ্বৃত্ত প্যালাডিয়ামের পরিমাণ দাঁড়াবে ৫২ হাজার টন। এর আগে প্রাক্কলনে ৯০ হাজার টন উদ্বৃত্ত থাকবে বলে জানানো হয়েছিল। তবে আগামী বছর উদ্বৃত্তের পরিমাণ বেড়ে এক লাখ টনে দাঁড়াবে বলে প্রত্যাশা করছে নরনিকেল।










