এসিআই লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর কমেছে ১১ দশমিক শূন্য ১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৩০ হাজার টাকার। দৈনিক গড় হিসাবে যা ছিল ৭০ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১৮ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬০ টাকা ২০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর নিম্নমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৪০ পয়সা।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত আয় বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। সমন্বিত আয় বাড়লেও একই সময়ে কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে। তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি ৩৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৭০৬ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ৫৩৭ কোটি ৮৪ লাখ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ৪৯ কোটি ১৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছিল ১৭ কোটি ৯৩ লাখ টাকা।
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৩ হাজার ২০৩ কোটি ৮০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ হাজার ২৮ কোটি ৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট লোকসান হয়েছে ৩৫ কোটি ৩ লাখ টাকা।










