সাম্প্রতিক সময়ে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩০ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৫ টাকা ৫০ পয়সা। এরপর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমূখী। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সা।

কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।  

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ পয়সা।

তথ্য অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৬৬ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ২৭ টাকা ৮৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ৩৩ পয়সায়। 

এর আগে ২০২১-২২ হিসাব বছরে বিডি থাই অ্যালুমিনিয়ামের ইপিএ হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ২৩ পয়সা বা ৯৮ দশমিক ৪০ শতাংশ। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ২৮ টাকা ৩৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৮ টাকা ১১ পয়সায়। মুনাফা তলানিতে নামায় আলোচ্য হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ। 

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৬০ পয়সা। 

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিডি থাই। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও বাকি ৩ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৩৬ পয়সা। 

২০১৯ হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ২০১৮ ও ২০১৭ হিসাব বছরে যথাক্রমে ৭ দশমিক ৫ শতাংশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

১৯৯০ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৭৮ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ২৫০টি। এর মধ্যে ৩০ দশমিক ৩২ শতাংশ শেয়ার কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ১৩ দশমিক ৭২ শতাংশ প্রাতিষ্ঠানিক, ১ দশমিক ৪৩ শতাংশ বিদেশী ও ৫৪ দশমিক ৫৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। 

ডিএসইতে গতকাল বিডি থাই শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২১ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১২ টাকা ৭০ পয়সা ও ২২ টাকা ৪০ পয়সা।