এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড (এলিট ফোর্স) এবং বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ  ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে গ্রুপ  ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সেনা সদরে এলিট সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ এবং আস্থা লাইফ  ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো.আনোয়ার শফিক   চুক্তিটি সই করেন।

এ চুক্তির মাধ্যমে এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সদস্যরা আস্থা লাইফ  ইন্স্যুরেন্সের গ্রুপ বীমার আওতায় জীবন ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা সুযোগ-সুবিধা পাবেন।

আস্থা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি এরইমধ্যে আস্থা, নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে বিরল দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।    

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল এবং আস্থা লাইফ   ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীনসহ উভয় পক্ষের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।