চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাশিয়ার অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ সংকুচিত হয়েছে। ফেডারেল পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি সংকোচনের মধ্যে রয়েছে।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে রুশ অর্থনীতি ৪ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছিল। পরবর্তী তিন মাসে মোট দেশজ উৎপাদন (জিডিপি) সংকোচনের হার সামান্য কমেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে ক্রেমলিন। এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ তাদের মিত্ররা রাশিয়ার বিস্তৃত খাতজুড়ে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বড় ধরনের ধাক্কা খায় দেশটির অর্থনীতি। তবে পরবর্তী সময়ে মস্কো ধীরে ধীরে সেই প্রভাব কাটিয়ে উঠবে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। এর আগে বছরের প্রথম তিন মাসে দেশটির অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ প্রসারিত হয়েছিল।

রুশ অর্থ মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে, চলতি বছর দেশটির অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ সংকুচিত হবে। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এ সংকোচনের হার হবে ৩ থেকে ৩ দশমিক ৫ শতাংশ। এরপর ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধিতে ফিরবে দেশটির জিডিপি।