‘সেফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস অ্যাগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় নেয়া এ উদ্যোগের লক্ষ্য জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের চর ভাটপাড়ায় বাস্তবায়ন করা হবে। এ এলাকাটি নিয়মিত বন্যা, নদীভাঙন ও চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়। এ প্রকল্পের মাধ্যমে চরবাসীর জন্য নবায়নযোগ্য জ্বালানি (সোলার ভিলেজ), বন্যায় আশ্রয় স্থান, জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা ফ্রেন্ডশিপের সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলকে সমর্থন করে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, ‘প্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এ প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতা, মর্যাদা ও আশার মধ্যে বিনিয়োগ করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যাতে কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে—এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আজকের এ অংশীদারত্ব।’
এ সময় ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা বলেন, ‘একটি পরিবার যখন নদীভাঙনের কারণে জমি হারায়, তখন শুধু একটি ঘরই হারায় না বরং তাদের আশা-ভরসা আর স্বপ্ন দেখার সামর্থ্যও হারায়; একই সঙ্গে মর্যাদাও ক্ষুণ্ন হয়। ‘সেইফ শোরস’ উদ্যোগটি তাদের সাহস ও শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা, যাতে ভাটপাড়ার মানুষ নিরাপত্তা ও সম্ভাবনার ভিত্তিতে তাদের জীবনকে নতুন করে গড়তে পারে। এ বাস্তবতায় নারী ও শিশুদের গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে পরিচালিত সহনশীলতা গড়ে তুলতে প্রাইম ব্যাংককে পাশে পেয়ে আমরা গর্বিত।’










