সম্প্রতি বেতনসহ সময়সূচির সুবিধাদি বৃদ্ধির দাবিতে ডেল্টা, সাউথওয়েস্ট, আমেরিকান এবং ফেডেক্স পাইলটরা বিক্ষোভ করেছেন। ইউনাইটেড এয়ারলাইনসের পাইলটরাও আগামী মঙ্গলবার ডেনভারে ইউনাইটেডের ফ্লাইট প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে পিকেটিংয়ের পরিকল্পনা করছেন। ঠিক এমন অবস্থায় পাইলটদের ৫ শতাংশ বেতন বৃদ্ধির কথা জানিয়েছে ইউনাইটেড।
চলতি বছরের মাঝামাঝি আয়ের পূর্বাভাস বাড়ায় ইউনাইটেড এয়ারলাইনস। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে ভ্রমণ চাহিদা বৃদ্ধির ফলে আগের পূর্বাভাসের চেয়েও বেশি আয় হবে বলে আশা করছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। তাছাড়া জুলাই-সেপ্টেম্বরে সংস্থাটির আয় প্রাক-কভিড ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি হবে বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সম্প্রতি পাইলটদের ঘণ্টাপ্রতি ৫ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা আশানুরূপ আয়ে ফেরার তথ্য তুলে ধরেছে। কভিড পরিস্থিতিতে বেতন কমানোর সময় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছিল যে লাভে ফিরলে তারা পাইলটদের বেতন বৃদ্ধি করবে।
তাছাড়া পাইলট ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তির সময় ৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা দেয় এয়ারলাইনসটি। শিকাগোভিত্তিক এয়ারলাইনসটি ১৩ হাজার পাইলটই এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের। ২০২০ সালে তাদের থেকে আরো পাইলট নিয়োগের জন্য সম্মত হয়েছিল ইউনাইটেড। কিন্তু কভিড পরিস্থিতিতে বিষয়টি স্থগিত হয়ে যায়।
বিনিময়ে তাদের পক্ষ থেকে বলা হয়, লাভের অঙ্কে ফিরে আসার পর তারা পাইলটদের বেতন ঘণ্টাভিত্তিক ৫ শতাংশ বাড়িয়ে দেবে। পাশাপাশি সংস্থাটি চালকদের চাকরি ও আর্থিক সুবিধাদি বৃদ্ধির জন্যও সম্মত হয়েছে।
গত প্রান্তিকে ইউনাইটেড ৯ শতাংশ মুনাফা মার্জিন অর্জিত হয়েছে বলে জানায়। যদিও চলতি বছরের প্রথম নয় মাসে আয়ে ফিরতে না পারলেও ইউনাইটেডের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে ২০২২ সালের শেষ নাগাদ মুনাফা অর্জন করতে সক্ষম হবে তারা।
ইউনাইটেডের ফ্লাইট অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান কুইগলি বৃহস্পতিবার পাইলটদের কাছে এক চিঠিতে লিখেছিলেন, সংস্থাটি বেতন বাড়ানোর জন্য ২০২৩ সালের মে পর্যন্ত অপেক্ষা করতে পারত। তবে শ্রমচুক্তির প্রতি বিশ্বাস স্থাপনের নজির হিসেবে তারা এ উদ্যোগ নিয়েছে।
জেট ফুয়েলের উচ্চমূল্যের কারণে জ্বালানির পেছনে প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি অর্থ গুনতে হয়েছে ইউনাইটেড এয়ারলাইনসকে। তবে অন্যান্য খরচে লাগাম টেনে অতিরিক্ত ব্যয়ে ভারসাম্য আনতে পেরেছে সংস্থাটি। এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।










