গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের প্রায় ১৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গত সপ্তাহে ডিএসইতে বিএসসির মোট ১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ৯৯৬ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ১৩ শতাংশ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ২৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৩ পয়সা বা ১ দশমিক ৫৫ শতাংশ। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৭ পয়সায়।










