বাংলাদেশ ব্যাংক মতিঝিল কার্যালয়ের নির্বাহী পরিচালক গ্রেড-২ মো. আমজাদ হোসেন খান নির্বাহী পরিচালক গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। গত সোমবার (১ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ পদোন্নতি দেয়া হয়।

আমজাদ হোসেন খান ১৯৯৩ সালে কেন্দ্রীয় ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আমজাদ হোসেন খান দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে জেআইবিবি ও ডিআইবিবি সম্পন্ন করেন। এছাড়া তিনি আইবিবির নিয়মিত পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আমজাদ হোসেন খান কর্মজীবনের বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের খুলনা, বরিশাল ও প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন, বৈদেশিক মুদ্রানীতি, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস, কৃষি ঋণ, ব্যাংকিং ও আইন বিভাগে কাজ করেছেন। এছাড়া তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক বাস্তবায়িত এসএমএপি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত গৃহায়ন তহবিলের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন আমজাদ হোসেন খান। পাশাপাশি তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক হিসেবেও দায়িত্বরত রয়েছেন।—বিজ্ঞপ্তি