স্কয়ার টেক্সটাইলস পিএলসি সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ৯৭২ কোটি ৪১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮০১ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৭০ কোটি ৯২ লাখ টাকা বা ২১ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৫ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা বা ৮ দশমিক ১০ শতাংশ। প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮২ পয়সায়। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৮ পয়সায়।










