এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নয়া দিল্লীতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ান। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাতে অটোমোবাইল, এভিয়েশন, শিপিংসহ অন্যান্য খাতে বিনিয়োগ সম্ভাবনার বিষয়টি উঠে আসে।

সোমবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে এফবিসিসিআই’র কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে অটোমোবাইল, এভিয়েশন, শিপিং, রেলওয়ে, লজিস্টিকস, হাল্কা প্রকৌশলসহ রাসায়নিক (ইথানল) খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ দেখছে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি জানান, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। গভীর সমুদ্রবন্দর, একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক, ট্যুরিজম পার্ক, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এলএনজি টার্মিনালসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারের আন্তরিকতা এবং নীতিসহায়তা দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে।

এ সময় স্লোভাকিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্ভাবনাময় খাতসমুহে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, সরাসরি বিদেশী বিনিয়োগকে (এফডিআই) আকর্ষণে সরকার এরই মধ্যে কর সুবিধা, ওয়ানস্টপ সার্ভিসসহ বেশকিছু নীতি সহায়তা দিচ্ছে। এছাড়া দেশী কোম্পানির পাশাপাশি বিদেশী কোম্পানিগুলোর বিনিয়োগকে সুরক্ষিত রাখতে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সরকার দৃঢ় প্রত্যয়ী। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী ভিত্তি এবং জিডিপি’র ধারাবাহিক প্রবৃদ্ধির প্রশংসা করেন স্লোভাকিয়ার রাষ্ট্রদূত রবার্ট ম্যাক্সিয়ান। তিনি জানান, বাংলাদেশ এবং স্লোভাকিয়ার মধ্যে বাণিজ্যের আকার প্রায় ৫০০ মিলিয়ন ইউরোর। এরই মধ্যে বাংলাদেশ থেকে স্লোভাকিয়ায় পণ্য রফতানির পরিমাণ প্রায় ৪৯০ মিলিয়ন ইউরোর, যার পুরোটাই তৈরি পোশাক খাতের দখলে। এর বিপরীতে স্লোভাকিয়া থেকে প্রায় ১০ মিলিয়ন ইউরোর রাবার আমদানি হয় বাংলাদেশে। রফতানি বহুমুখীকরণের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধির বড় সম্ভাবনা দেখছেন নয়া দিল্লীতে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত।

এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, পরিচালক, ব্যবসায়ী নেতাসহ অন্যান্যরা।