পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত ১৩ মার্চ পর্যন্ত ব্যাংকঋণের অবস্থান এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৮৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রিত লোকসান হয়েছিল ২ টাকা ৯৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৯১ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়াহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৩ জুন সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ মে।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩১ ডিমেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬০ টাকা ৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৬ টাকা ৬০ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৬ টাকা ৬০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৯ টাকা ৬২ পয়সা।










