সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ১৮ লাখ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি এর সম্পদের আকার বাড়িয়ে ৪ ট্রিলিয়ন সৌদি রিয়ালে বা ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিআইএফ। খবর দ্য ন্যাশনাল।

সৌদি আরবের সার্বভৌম ফান্ড পিআইএফ। আরব অঞ্চলের সর্ববৃহৎ অর্থনীতি সৌদি আরব। তার প্রবৃদ্ধির জন্য ক্রমাগত বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে পিআইএফ।

‘সৌদি ভিশন ২০৩০’-এর সাত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিআইএফের গভর্নর ইয়াসির আল রুমাইয়ান বলেন, ‘এখন পর্যন্ত পিআইএফ পাঁচ লাখের বেশি কর্মসংস্থান করেছে। এ সংখ্যা বাড়িয়ে ১৮ লাখে উন্নীত করা পিআইএফের উদ্দেশ্য।’

আল রুমাইয়ান জানান, বর্তমানে পিআইএফের ব্যবস্থাপনাধীন মোট সম্পদের পরিমাণ ২ লাখ কোটি রিয়ালের বেশি। ২০২৫ সালের মধ্যে এ পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে পিআইএফ।

সৌদি আরবের নতুন প্রজেক্টগুলোয় ১ লাখ কোটি রিয়াল বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পিআইএফ। এর মাধ্যমে দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা চালাবে আর্থিক প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্থানীয় পণ্যগুলোকে সহায়তা দেয়া হবে। ভবিষ্যতের জন্য উপযোগী উদ্ভাবনী সুযোগগুলোকে আরো উন্নত করা হবে। সর্বোপরি বিনিয়োগের একটি আকর্ষণীয় পরিবেশ তৈরিতে অবদান রাখবে পিআইএফ। এ লক্ষ্যে স্থানীয় অর্থনীতিতে ৪-৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে পিআইএফ। ২০১৯ থেকে এ পর্যন্ত পিআইএফ মোট ৭১টি কোম্পানি প্রতিষ্ঠা করেছে বলে জানান আল রুমাইয়ান। এর মধ্যে নিওম, দ্য রেড সি ডেভেলপমেন্ট কোম্পানি, কিদ্দিয়া ইত্যাদি কোম্পানির নাম উল্লেখযোগ্য।