ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন সিটির করপোরেট ব্যাংকিং বিভাগের এশিয়া সাউথের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত ঠাক্কার এবং সাউথ এশিয়া ক্লাস্টারের (ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা) করপোরেট ব্যাংকিংয়ের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক নীরজ কুমার।
সফরকালে তারা বিভিন্ন করপোরেট ও প্রাতিষ্ঠানিক ক্লায়েন্ট, ব্যবসায়ী নেতা এবং আর্থিক খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি, ক্লায়েন্টদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং সিটির বৈশ্বিক নেটওয়ার্ক ও ব্যাংকিং সক্ষমতার মাধ্যমে আন্তঃসীমান্ত যোগাযোগ আরো জোরদারের বিষয় গুরুত্ব পাবে।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের অংশ হিসেবে এ সফরকে দেখছে সিটি। বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান জটিলতা মোকাবেলায় ক্লায়েন্টদের সহায়তা দিতে ব্যাংকিং, ট্রেজারি, বাণিজ্য ও অর্থায়নসহ বিভিন্ন সমাধান দেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করাকে নিজেদের কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে সিটি।










