পারিবারিক মালিকানাধীন বিশ্বের শীর্ষ ৫০০ ব্যবসাপ্রতিষ্ঠান গত দুই বছরে আয় করেছে ৮ দশমিক শূন্য ২ ট্রিলিয়ন ডলার, আগের একই সময়ের তুলনায় যা ১০ শতাংশ বেড়েছে। বিশ্ব অর্থনীতিতে শ্লথগতি সত্ত্বেও ব্যবসা চাঙ্গা ছিল পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর। ইউনিভার্সিটি অব সেন্ট গ্যালেনের এক দ্বিবার্ষিক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
সুইজারল্যান্ডভিত্তিক ইউনিভার্সিটি অব সেন্ট গ্যালেনের ফ্যামিলি বিজনেস ইনডেক্সে দেখা গেছে, ৫০০ বৃহৎ পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের আয় হয়েছে ৮ দশমিক শূন্য ২ ট্রিলিয়ন ডলার। ৪৭টিরও বেশি দেশে তারা ২ কোটি ৪৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে ১৭টি দক্ষিণ-পূর্ব এশিয়ায়। সিঙ্গাপুরে রয়েছে দুটি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান। ২০২৩ সালের তালিকায় সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল কোম্পানি গোল্ডেন এগ্রি-রিসোর্সেসের অবস্থান ১৭৭তম। ২০২১ সালে তাদের অবস্থান ছিল ২৩০তম। অন্য পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ইয়ানলর্ড ল্যান্ড গ্রুপ চলতি বছরে উঠে এসেছে ৩৩৯তম অবস্থানে। ২০২১ সালে সিঙ্গাপুরভিত্তিক আবাসন কোম্পানিটির অবস্থান ছিল ৪৩৭তম।
পারিবারিক এ ব্যবসা সূচকটি দুই বছর অন্তর প্রকাশিত হয়। এতে আয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ৫০০ পারিবারিক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের র্যাংকিং করা হয়।










