নির্ধারিত রেকর্ড ডেট শেষে আজ থেকে পুঁজিবাজারে লেনদেনে ফিরবে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৭৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ম্যারিকো বাংলাদেশের পর্ষদ। অবশ্য এ লভ্যাংশ অন্তর্বর্তীকালীন দুই দফায় ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ৪৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ও দ্বিতীয় দফায় ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য নতুন করে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ জুলাই ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশের আয় হয়েছে ১ হাজার ৪১৩ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৩০৩ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১১০ কোটি ৩৬ লাখ টাকা বা ৮ দশমিক ৪৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৮৭ কোটি ২৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫৫ কোটি ৩৯ লাখ টাকা।