রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এসএমই ঋণের প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় এবং নির্বাচিত পাঁচ তারকা হোটেলে ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ বুফে ডিনার অফার দিচ্ছে ব্যাংকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক জানায়, জুলাই ২০২৬ মাসে আবেদন করা সব এসএমই ঋণের (এসএমই লোন) ক্ষেত্রে প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরো সহজ ও সাশ্রয়ীভাবে অর্থায়ন সুবিধা দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের এ রজতজয়ন্তী মূলত গত ২৫ বছর ধরে আমাদের ওপর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতার একটি ছোট্ট স্মারক এ বিশেষ অফারগুলো।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ব্র্যাক ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইনের আয়োজন করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের পাঁচটি শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল—ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকায় বুফে ডিনারে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ব্র্যাক ব্যাংক জানায়, ২৫ বছরের এ গৌরবময় যাত্রায় গ্রাহকদের অবিচল আস্থা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই বিশেষ এ অফার চালু করা হয়েছে।










