পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ইপিএস চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশের বেশি বেড়েছে। গতকাল কোম্পানিটির ২৮৮তম পর্ষদ সভায় অনুমোদনের পর প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। সে হিসাবে আলোচ্য ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ৩৫ দশমিক ৪২ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা।

এদিকে গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে ৩১ ডিসেম্বর ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২১ জুলাই।

২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৯ পয়সা।