ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শহিদ উদ্দিন আহমেদ বলেছেন, প্রকৌশল, তথ্য প্রযুক্তিসহ সব খাতে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত উদ্যোক্তা তৈরি। উদ্যোক্তাদের সাফল্যের জন্য ইনোভেশন ও তাকে বাণিজ্যিক প্যাটেন্টে রূপান্তর এবং বিপণন কাঠামো তৈরি প্রয়োজন।

শনিবার (১৭ জানুয়ারি) ‘টেকনো ভার্স ২০২৬’ শীর্ষক ইনোভেশন ও প্রকল্প প্রদর্শন বিষয়ক দুইদিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।

উদ্যোক্তাদের সরকারি বেসরকারি পর্যায়ে থেকে সহায়তা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সরকারের উপর নির্ভরতা উদ্যোক্তাদের উদ্দেশ্যকে ব্যাহত করে। সেইসঙ্গে রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের পথ খুলে দেয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের সাবেক ডিজি ও মেরিন নীতি বিষয়ক বিশেষজ্ঞ ক্যাপ্টেন মইন আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলাম।

আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু।

প্রথম দিনের পর্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার্স টেকনোলজি এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স, ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশনা ও আগামী দিনে বাস্তব সমস্যার সমাধানে প্রকৌশলের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করেন তিনি।

দুইদিনের অনুষ্ঠানমালায় একাডেমিয়া, শিল্পখাত, গবেষক, পেশাজীবী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রকৌশল, প্রযুক্তি ও উদ্ভাবনের উদীয়মান ধারা নিয়ে আলোচনা করেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন প্রদর্শনী, প্রতিযোগিতা ও আলোচনায় অংশ নেন। পরে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

-বিজ্ঞপ্তি