আন্তর্জাতিক বাজারে দুই বছরের শীর্ষে উঠে এসেছিল জ্বালানি তেলের দাম।
কিন্তু তিনদিনের ব্যবধানে গতকাল জ্বালানি পণ্যটির দাম কমে যায়।
জ্বালানি তেল খাতের বিনিয়োগকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু সংলাপের ফলাফল নিয়ে আশাবাদী।
১০ জুন এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে।
মূলত সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় জ্বালানি তেলের দাম কমেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
অন্যদিকে চীনের জ্বালানি তেল আমদানিতে নিম্নমুখী প্রবণতাও বাজারে প্রভাব ফেলেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের আগস্টে সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৩৮ সেন্ট বা দশমিক ৫ শতাংশ কমে ৭১ ডলার ৫১ সেন্টে নেমে গেছে।
এর আগে শুক্রবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ ডলার ২৭ সেন্টে উঠেছিল, যা দুই বছরের সর্বোচ্চ।
এছাড়া যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) জুলাইয়ে সরবরাহ চুক্তিমূল্য ব্যারেলপ্রতি ৭০ ডলারে উঠেছিল।
তবে গতকাল এটির দাম ব্যারেলপ্রতি ৩০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৬৯ ডলার ৩২ সেন্টে নেমে আসে।
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপস ফিউচারসের ঊর্ধ্বতন পণ্যবাজার ব্যবস্থাপক আভতার সান্দু বলেন, ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারে ওঠার পর বিনিয়োগকারীরা মুনাফা বাড়ানোর আশায় বেশকিছু চুক্তি বিক্রি করতে সক্ষম হয়েছিলেন।
মূলত আন্তর্জাতিক বাজারে ইরানি জ্বালানি তেল সরবরাহ চালু হওয়ার সম্ভাবনায় দাম কমেছে।
তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটি বাজারে ফিরতে পারবে না বলেও মনে করছেন তিনি।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, চীন গত বছরের তুলনায় আমদানি কমিয়ে দিয়েছে।
দেশটির জ্বালানি তেল আমদানির পরিমাণ ১৪ দশমিক ৬ শতাংশ কমেছে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মকালীন ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
এতে দুই সপ্তাহ ধরে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের বাজার ঊর্ধ্বমুখী ছিল।
পাশাপাশি জ্বালানি তেলের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১০ জুন ভিয়েনায় ইরানের সঙ্গে বৈশ্বিক পরাশক্তি দেশগুলোর পরমাণু সংলাপ অনুষ্ঠিত হবে।
এ সংলাপে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে জ্বালানি তেল রফতানির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে পারে।
বিশ্লেষকদের প্রত্যাশা, নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান দৈনিক ৫-১০ লাখ টন জ্বালানি তেল উত্তোলন করতে সক্ষম হবে।










