আন্তর্জাতিক বাজারে গতকাল বেড়েছে তামার দাম। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার না বাড়ানোর সম্ভাবনা এবং অর্থনীতিকে গতিশীল করতে চীনের নতুন পদক্ষেপের প্রত্যাশা শিল্প ধাতুটির বাজারদরকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৪৩ ডলারে। যদিও এর আগের দিন ধাতুটির দাম ১ শতাংশ কমে গিয়েছিল।

কোপেনহেগেনভিত্তিক স্যাকস ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হানসেন জানান, মার্কিন বন্ডে সুদহার কমে ২০০৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে। ফেডের কর্মকর্তারা সুদহার আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন। বিষয়টি মূলত তামার দাম বাড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে।

এদিকে চীন অর্থনীতিকে গতিশীল করতে আরো কিছু নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে, তামার মূল্যবৃদ্ধিতে যা রসদ জোগাবে। তবে দেশটিতে চলমান আবাসন খাতের সংকটের কারণে বিনিয়োগকারীরা এখনো কিছুটা উদ্বেগের মাঝে আছেন। 

তামার পাশাপাশি এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৩ শতাংশ, দস্তার দাম দশমিক ২, সিসার দাম দশমিক ১ ও টিনের দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে নিকেলের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে।