ঋণ নবায়ন, ট্যাক্স সার্টিফিকেট ও শেয়ার কেনা-বেচাসহ নানা সুযোগ-সুবিধা নিয়ে চালু হলো ‘মাইআইসিবি’ অ্যাপ। ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ’ (আইসিবি) ও এর অধীন তিন প্রতিষ্ঠানের সেবাগুলো সমন্বিত করে এ মোবাইল অ্যাপ বানানো হয়েছে।
এ অ্যাপে আইসিবির গ্রাহকরা ঘরে বসে ট্যাক্স ও ইনভেস্টমেন্ট সনদ সংগ্রহ করতে পারবেন। ইউনিটের বিপরীতে অগ্রিম হিসাবের বিবরণী, ঋণ নবায়ন ও ঋণ বর্ধিতকরণ এবং লিয়েন হিসাবায়নও করা যাবে। ইনভেস্টরস স্কিম হিসাবধারী ও আইসিবি ইউনিটের ধারকদের অর্থ ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জমা দেয়া যাবে। জমা দেয়া যাবে ইউনিট সার্টিফিকেটের পুনঃমুদ্রণ ফি।
এ অ্যাপের মাধ্যমে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) গ্রাহকরা টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানের (টিআইপি) হিসাব খুলতে পারবেন। ডিসক্রিশনারি ও নন-ডিসক্রিশনারি বিনিয়োগ হিসাব খোলা, তহবিল জমা প্রদান ও সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ের আদেশও এ অ্যাপের মাধ্যমে দেয়া যাবে। এছাড়া অ্যাপটির মাধ্যমে আইএসটিসিএল গ্রাহকরা বিও হিসাব খোলা, বিনিয়োগ হিসাবে টাকা জমা রাখা, শেয়ার/ট্রেজারি বিল/বন্ড ক্রয়-বিক্রয় ও টাকা উত্তোলনের আদেশ প্রদান করতে পারবেন। ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করা এবং পোর্টফোলিও বিবরণীর সেবাও মিলবে।
সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) গ্রাহকরা এ অ্যাপের মাধ্যমে ইউনিট ক্রয়-বিক্রয় ও নিবন্ধন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) হিসাব খোলা; ট্যাক্স সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট এবং আর্থিক বিবরণী ডাউনলোড করতে পারবেন। হারানো সার্টিফিকেট পুনরায় মুদ্রণের আবেদনও করা যাবে। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) বিভিন্ন সেবাও মিলবে মাইআইসিবি অ্যাপে।
সম্প্রতি রাজধানীর মতিঝিলে আইসিবি কার্যালয়ে এ অ্যাপ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া।
সলীম উল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ এগিয়ে যাওয়ার বিরাট কর্মযজ্ঞের একটি পালক হিসেবে যুক্ত হয়েছে আজকে মাইআইসিবি অ্যাপ।’
ড. সুবর্ণ বড়ুয়া বলেন, ‘১০ বছর পর আইসিবি এমন থাকবে না, এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তির কোনো বিকল্প নেই।’
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা”স্মার্ট আইসিবি”ঘোষণা করি। সে অনুযায়ী আমরা একটা অ্যাকশন প্ল্যান বানাই। এ প্ল্যানের অংশ হিসেবে তৈরি করি মাইআইসিবি অ্যাপ।’










