সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের আওতায় বিশ্ববিদ্যালয়টিকে বিভিন্ন আর্থিক সমাধান দেবে ব্যাংক কর্তৃপক্ষ। এর মধ্যে থাকছে ‘সাউথইস্টএডুফিন’ শীর্ষক সমন্বিত শিক্ষা ব্যবস্থাপনা প্লাটফর্ম; যেখানে উপস্থিতি ট্র্যাকিং; ফি, ফলাফল ও বেতন ব্যবস্থাপনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যোগাযোগমূলক টুলসসহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, মাসুম উদ্দিন খান ও মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এমওইউর আওতায় বিশ্ববিদ্যালয়টিকে টোটাল এডুকেশন ম্যানেজমেন্ট সলিউশন ‘সাউথইস্টএডুফিন’ শীর্ষক একটি উন্নত শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস) দেয়া হয়েছে, যা একটি উদ্ভাবনী এবং দক্ষ পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ ও স্কুল ব্যাংকিংকে সহজতর করবে। এ সহযোগিতার লক্ষ্য প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবক উভয়ের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে জানানো হয়, ‘সাউথইস্টএডুফিন’-এর মাধ্যমে টিউশন ফি পরিশোধ করা যাবে একাধিক সুবিধাজনক উপায়ে, যেমন সাউথইস্ট ব্যাংকের শাখা ও উপশাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং অন্যান্য সমন্বিত প্লাটফর্ম। এছাড়া ব্যাংকের স্কুল ব্যাংকিং উদ্যোগ ‘তারকা’র আওতায় শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসাব সুবিধা দেয়া হবে, যেখানে স্বল্প জমার শর্ত, কোনো রক্ষণাবেক্ষণ ফি নেই এবং আকর্ষণীয় সুদের হার রয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা হবে।