জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় আয় ও কর-পরবর্তী নিট মুনাফা দুটোই কমেছে। এ সময়ে কোম্পানির বিক্রি বাবদ আয় আগের হিসাব বছরের চেয়ে ১৯ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি নিট মুনাফা কমেছে প্রায় ৩৪ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব লুব-রেফের আয় হয়েছে ১৪৪ কোটি ৮২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭৯ কোটি ৮৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৪৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ কোটি টাকা। 

আয় ও মুনাফা কমে যাওয়ার বিষয়ে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য হিসাব বছরে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণের অপর্যাপ্ততা, এলসি নিয়ে জটিলতা, উৎপাদনে ব্যাঘাত ও উৎপাদন খরচের ওপর প্রভাব ফেলেছে। ফলে বিক্রি থেকে যে আয় এসেছে তার চেয়ে বেশি অর্থ সরবরাহকারী ও অন্যদের পরিশোধ করতে হয়েছে। 

এছাড়া কোম্পানিটির বিএমআরই (ভারসাম্য, আধুনিকায়ন, প্রতিস্থাপন ও সম্প্রসারণ) প্রকল্প বাস্তবায়নে আরো ১৮ মাস সময় প্রয়োজন (১ মার্চ ২০২৩ থেকে কার্যকর)। কোম্পানিটি ব্যাংকে গচ্ছিত মূলধন ও অন্যান্য উৎস থেকে অর্থায়নের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে। আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি উত্থাপন করা হবে। 

তথ্য অনুসারে, ২০২৩ হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়িত এনএভিপিএস দাঁড়ায় ৩৩ টাকা ৯০ পয়সায়, পুনর্মূল্যায়িত ছাড়া যা হয় ৩৭ টাকা ৯৫ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটি দর ৩৫ টাকা ১০ পয়সা থেকে ৫৫ টাকার মধ্যে ওঠানামা করেছে।