চলতি রবি মৌসুমে ভারতের শীর্ষ গম উৎপাদনকারী চার রাজ্যে আবাদি জমির পরিমাণ বেড়েছে ১ শতাংশ। এ পর্যন্ত আবাদি জমির পরিমাণ ২ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার হেক্টর ছাড়িয়েছে, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় বেশি। বিগত রবি মৌসুমে মোট ২ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে গম আবাদ হয়েছিল। এ হিসাবে চলতি মৌসুমে আবাদ বেড়েছে ১ শতাংশ। সরকারি তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন।

ভারতের শীর্ষ গম উৎপাদনকারী চার রাজ্য হচ্ছে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা। ভারতে মোট উৎপাদিত গমের ৭৫ শতাংশই আসে এ চার রাজ্য থেকে। তথ্য বলছে, সমগ্র ভারতে গম আবাদ ৩ কোটি  ২০ লাখ ৫৪ হাজার হেক্টর ছাড়িয়েছে। একই সময়ে ২০২২-২৩ মৌসুমে আবাদ হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার হেক্টর। ফলে এখনো চার লাখ হেক্টরের ঘাটতি। গত ২২ ডিসেম্বর পর্যন্ত ঘাটতির পরিমাণ ছিল ২ শতাংশ। দেরিতে চাষ করা হয় এমন জাতের গম আবাদ জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত দেখা গেছে, ভারতে ৬ কোটি ২৯ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষ হয়েছে। দেশটিতে এ মৌসুমে মোট ৬ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার হেক্টর আবাদি জমি রয়েছে। এ হিসাবে এখন পর্যন্ত ৯৭ শতাংশ জমিতে চাষাবাদ হয়েছে।